বিনোদন ডেস্কঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ১৬ মার্চ তিতাস নদের তীরে তিতাসপাড়ার তিতাস গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপের সামনে ধারণ করা হয় পর্বটি। মঞ্চ সাজানো হয় স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র দিয়ে। উপস্থিত ছিল লক্ষাধিক দর্শক। এ পর্বে থাকছে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-ঐতিহ্য এবং প্রাকৃতিক গ্যাসের ওপর একটি প্রতিবেদন। রয়েছে অটোরিকশাচালক দুলাল চন্দ্র দাস, বরিশালের বাবুগঞ্জের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইসাহাক শরীফ এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডাচ নাগরিক আনোয়ারা বেগমের ওপর আলাদা প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে দেখানো হবে মদিনা শরিফের একটি ব্যতিক্রমী রাস্তা। এবার ‘ইত্যাদি’র মূল গানটি দেশাত্মবোধক। গেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সৈয়দ আব্দুল হাদী। কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীতায়োজনে রাজেশ। গানটির সঙ্গে নেচেছেন স্থানীয় শিল্পীরা। আরেকটি গানে নৃত্য পরিবেশন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান জাকিয়া বারী মম, সঙ্গে ছিলেন স্থানীয় নৃত্যশিল্পীরা। নির্বাচিত দর্শকদের সঙ্গে অভিনয় করেছেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সাজু খাদেম। এ ছাড়া নিয়মিত পর্বসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে কয়েকটি নাট্যাংশ।
বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এবারের ‘ইত্যাদি’ প্রচারিত হবে ৩০ মার্চ রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন।
