মৌলভীবাজারে হেনস্তার শিকার ‘প্রধানমন্ত্রীর চাচাতো ভাই

মৌলভীবাজারে হেনস্তার শিকার ‘প্রধানমন্ত্রীর চাচাতো ভাই
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু পাচারকারী হিসেবে হেনস্তার শিকার হয়েছেন শেখ জাকির নামে এক ব্যক্তি। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই হিসেবে পরিচয় দেন। স্থানীয় পুলিশও এই পরিচয় নিশ্চিত করেছে।

শুক্রবার দুপুরে শেখ জাকিরকে ৫ শিশুসহ স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেয়। জাকির গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মৃত শেখ মোশারফ হোসেনের ছেলে। মোশারফ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই।

জানা যায়, শেখ জাকির ২ দিন আগে শ্রীমঙ্গলে বেড়াতে আসেন। দুইদিন ধরে তিনি শ্রীমঙ্গল উপজেলার গ্র্যান্ড সুলতান হোটেলে অবস্থান করছেন।

কমলগঞ্জ থানা পুলিশের হেফাজতে থাকাবস্থায় শেখ জাকির জানান,আজ দুপুরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে মাধবপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা এলাকায় স্থানীয় রাজু মিয়ার ছেলে সাইফ আহমেদ (১১), খোরশেদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (১৩), রফিক মিয়ার ছেলে কাজল মিয়া (১২), জসিম মিয়ার ছেলে রায়হান মিয়া (১১), আরিফ মিয়ার ছেলে জারিপ মিয়া (৭) আলাপচারিতার সূত্রে শেখ জাকিরের গাড়িতে উঠতে বায়না ধরে। শিশুদের আবদার ও বায়না রক্ষা করতে জাকির শিশুদেরকে গাড়িতে তোলে শ্রীমঙ্গল নিয়ে যান। সেখানে শিশুদেরকে খাবার খাইয়ে ও তাদের বায়না মতো ৭শ টাকা মূল্যের ১টি ক্রিকেট ব্যাট ক্রয় করে দিয়ে শিশুদেরকে বটতল নামক স্থানে দুপুর দেড়টায় পৌঁছে দিতে গেলে স্থানীয় কয়েকজন গাড়িসহ জাকির ও শিশুদেরকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ বটতল এলাকা থেকে ৫ শিশু ও শেখ জাকিরসহ গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কমলগঞ্জ থানায় নিয়ে আসার পর পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শেখ জাকির পরিচয় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার চাচাতো ভাই।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তাদির হেসেন জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা শেখ জাকিরের পরিচয় নিশ্চিত করেছেন। শেখ জাকিরের দেয়া পরিচয়ের সত্যতা নিশ্চিত ও শিশুদেরকে জিজ্ঞাসাবাদে ঘটনা জেনে কমলগঞ্জ থানা পুলিশ শিশুদেরকে তাদের পিতা-মাতার হাতে হস্তান্তর করে এবং শেখ জাকিরকে পুলিশ প্রটোকলের মাধ্যমে হোটেলে পৌঁছে দেন বলে জানান।

Post a Comment

Previous Post Next Post