মৌলভীবাজার প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের পৌর জনমিলন কেন্দ্রে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌরসভার মেয়র ও যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জাতির পিতার গৌরবময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে জয়ী করে পুনরায় ক্ষমতায় আনার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
১৯৭২ সালের এই দিনে (১০ জানুয়ারি) পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। প্রথমে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন।
