''কোনো অস্বাভাবিক সরকার যাতে আর না আসতে পারে''

''কোনো অস্বাভাবিক সরকার যাতে আর না আসতে পারে''
অনলাইন ডেস্কঃ বাংলাদেশে যেন আর কোনো দিন সামরিক সরকার, অস্বাভাবিক সরকার, রাজাকারের সরকার ক্ষমতায় আসতে না পারে এ জন্য গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি-মহল-ব্যাক্তিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 

ছাত্র-শ্রমিক সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ শাজাহান সিরাজের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান। 

ইনু বলেন, ‘বিএনপি-জামাত ধর্মের নামে জনগণের মধ্যে ভাগাভাগি, রক্তারক্তি, খুনাখুনি, অশান্তির যে রাজনীতি করছে তা শুধু বর্জন না, সমূলে উৎপাটন করতে হবে’।

শহীদ শাজাহান সিরাজের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘শ্রমিক-গরীবের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সমাজতন্ত্রকে সংবিধানের পাতা থেকে জীবনের পাতায় প্রতিফলনের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে’।

এর আগে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় যুব জোট, জাতীয় শ্রমিক জোট, জাতীয় নারী জোটের নেতৃবৃন্দ শহীদ শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, শওকত রায়হান, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, শাজাহান সিরাজ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, জাতীয় নারী জোটের সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, ঢাকা মহানগর পূর্ব জাসদের সধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম প্রমুখ। 

Post a Comment

Previous Post Next Post