স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ম্যাচ বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অনেকদিন ধরেই নিষ্প্রভ অল-রাউন্ডার নাসির হোসেন। কিন্তু ঘরোয়া ম্যাচে সুযোগ পেলেই জ্বলে উঠেন তিনি।
নিয়মিতই এই ঘটনা ঘটে চলছে। চলতি জাতীয় লিগে বরিশাল বিভাগের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বসলেন রংপুর বিভাগের হয়ে খেলা নাসির।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১০১ রানে অপরাজিত ছিলেন নাসির। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পেয়েছেন ডাবল সেঞ্চুরি। ৩৫১ বলে ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। আজ তৃতীয় দিনের টি ব্রেক পর্যন্ত ৩৭৬ বলে ২৪ চার আর ২ ছক্কায় ২১৮ রানে অপরাজিত আছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সেঞ্চুরিয়ান আরিফুল হক।
নাসিরের আগে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে ২০২ রান করে আউট হয়েছেন এনামুল হক বিজয়। দ্বিতীয় দিন শেষে ১৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি।
আজ ২৪৮ বলে ২৩ চার ৪ ছক্কায় ২০০ রান স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ডাবল সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি বিজয়। শুভাগত হোমের বলে আউট হওয়ার আগে তার সংগ্রহ ২৫১ বলে ২০২ রান।
কিন্তু নাসির এগিয়ে চলছেন দারুণভাবেই। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা নাসিরের প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি নয়; তবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের কীর্তি। চারদিনের ম্যাচে তার আগের সেরা ইনিংসটি ছিল ২০১ রানের। চলতি ম্যাচের আগে ৮০টি প্রথম শ্রেণির ম্যাচে ১২৯ ইনিংসে ব্যাট করে ২৭টি হাফ সেঞ্চুরি ও ৫ সেঞ্চুরি মালিক নাসির। ৩৫.৮৪ গড়ে এই অল-রাউন্ডারের সংগ্রহ ৪৪০৯ রান।
