অনলাইন ডেস্কঃ বার্সেলোনার সবচেড়ে বড় পরীক্ষার ম্যাচ। প্রতিপক্ষ অপরাজিত ভ্যালেন্সিয়া।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির ভুলে জয়বঞ্চিত হলো বার্সা। রোববার রাতে প্রতিপক্ষের মাঠে রেফারির বাজে সিদ্ধান্তের দিনে পিছিয়ে পড়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। ভ্যালেন্সিয়ার মাঠ এস্তাদিও মাস্তায়ায় প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। অথচ খেলার ৩০তম মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। লিওনেল মেসির শট গোললাইন অতিক্রম করার পর ভ্যালেন্সিয়া গোলরক্ষক ফিরিয়ে আনেন।
পেনাল্টি বক্সের বাইরে থাকা রেফারি গোলের বাঁশি না বাজিয়ে খেলা চালিয়ে যাওয়ার সংকেত দেন। বার্সেলোনার খেলোয়াড়রা এসময় বেশ অগ্নিশর্মা হয়ে পড়েন। মেসিকেও রেফারির ভুল সিদ্ধান্তে মেজাজ হারাতে দেখা যায়। হারের শঙ্কার মুখে থাকা বার্সেলোনার মুখে হাসি ফোটান জর্ডি আলবা।
৮২তম মিনিটে মেসির মাপা ক্রস থেকে গোলমুখের কাছ থেকে দর্শনীয় ভলিতে সাবেক ক্লাবের জাল কাঁপান আলবা। ফলে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের দিনে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
রেফারির বাজে সিদ্ধান্তের দিনে গত সাত বছরে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন দেখলেন মেসি। সাত বছর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ গোলহীন রইলেন কিং লিও। এই ড্রয়ের ফলে ১৩ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান মজবুতই রাখল বার্সেলোনা। ৩১ পয়েন্ট নিয়ে সেভিয়া দুই নম্বরে রয়েছে। অন্যদিকে সমান ২৭ পয়েন্ট করে নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ যথাক্রমে তিন ও চার নম্বরে রয়েছে।
