ভারতকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন

ভারতকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন
অনলাইন ডেস্কঃ সমাজবাদী পার্টির প্রবীণ নেতা ও ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিং যাদব গতকাল (১৯ জুলাই) বুধবার লোকসভায় বলেছেন, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন। পাকিস্তানে তারা এ জন্য পরমাণু অস্ত্রও জড়ো করেছে। লোকসভার জিরো আওয়ারে তিনি বলেন, ‘আমি অনেক দিন থেকেই বলে আসছি, চীনের দিক থেকে ভয়ংকর বিপদ আসছে। সরকারকে সাবধানও করে এসেছি। চীন হলো ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে তারা ভারতকে আক্রমণের ছক কষে ফেলেছে। তারা পাকিস্তানে পরমাণু অস্ত্রও মজুত করেছে। ভারতের গোয়েন্দাদের তা জানাও।’ মুলায়ম বলেন, ‘পাকিস্তান আমাদের কিছু করতে পারবে না। তারা আমাদের শত্রু নয়। শত্রু হলো চীন।’ তার কথায়, ‘ভুটানের ওপর চীন নজর দিয়েছে। নেপালকেও তারা কবজা করেছে। ভুটানকে রক্ষা করা ভারতের কর্তব্য।’ সরকারকে তার সুপারিশ, ভারতের উচিত চীনকেও পাল্টা চাপে রাখা। সে জন্য তিব্বতের স্বাধীনতাসংগ্রামকে ভারতের সমর্থন করা দরকার। সরকারিভাবে মুলায়মের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এই মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিড়ম্বনাও বাড়িয়েছে। মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, স্পর্শকাতর পরিস্থিতিতে সবার সংযত থাকা উচিত। সর্বদলীয় বৈঠক ও স্থায়ী কমিটিতে এই পরামর্শই দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post