অনলাইন ডেস্কঃ ঈদে যারা ট্রেনে করে বাড়ি ফিরতে আগ্রহী তাদের জন্য ১২ জুন থেকে আগাম টিকিট ছাড়ছে রেলওয়ে। প্রথম দিন দেয়া হবে ২১ জুনের টিকিট। এভাবে পাঁচ দিন চলবে এই কার্যক্রম। ১৩ জুন বিক্রি করা হবে ২২ জুনের টিকিট। এভাবে ১৬ জুন পর্যন্ত বিক্রি করা হবে আগাম টিকিট। সেদিন দেয়া হবে ২৫ জুনের টিকিট।
বৃগস্পতিবার বিকালে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রেলপথ মন্ত্রী মুজিবুল হক। তিনি জানান, ঈদে যাত্রী চাপ সামাল দিতে ২১ জুন থেকে ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। পাশাপাশি চলবে সাত জোড়া বিশেষ ট্রেন।
চলতি বছর ঈদুল ফিতর হতে পারে ২৬ অথবা ২৭ জুন। তবে মন্ত্রণালয় টিকিট বিক্রি করছে ২৬ জুন ঈদ ধরে। সে হিসাবে ২৫ জুন পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে। আর ঈদ এক দিন পেছালে ২৬ জুনের টিকিট আগের সন্ধ্যা বা সেদিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
মন্ত্রী জানান, এবার কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে বিক্রি করা হবে আগাম টিকিট। এর মধ্যে একটি কাউন্টারে কেবল নারীদের কাছে টিকিট বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ শেষে ফিরতি টিকিট দেয়া হবে ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।
