অনলাইন ডেস্কঃ বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা এলাকায় সেহরীর সময় মসজিদের মাইকে প্রচারণা চালানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ কমপক্ষে ৫জন আহত হয়েছেন।
গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সুপাতলা গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ফের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে সুপাতলা (পূর্ব) জামে মসজিদের ইমাম মসজিদের মাইকে সেহরী খেতে উঠার জন্য এলাকাবাসীকে আহবান করেন। এ সময় সুপাতলা গ্রামের মাসুক উদ্দিন (ট্রাক ড্রাইভার) গিয়ে ইমামকে প্রচারণা বন্ধ করতে বলেন ও গালমন্দ শুরু করেন। মসজিদ এলাকায় হৈ চৈ শুনে গ্রামের মাতাব উদ্দিন, দিলু, জিল্লুসহ অনেকে উপস্থিত হয়ে মাসুক উদ্দিনকে বুঝানোর চেষ্টা করেন। মাসুক উদ্দিন তাদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ধারালো দা দিয়ে মাতাব উদ্দিনের উপর হামলা করেন মাসুক উদ্দিন। এতে মাতাব রক্তাক্ত জথম হন। উপস্থিত অন্যরা মাসুককে থামাতে গেলে দায়ের কোপে আহত হন দিলু ও জিল্লু। বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মাসুক উদ্দিনের উপর চড়াও হলে মাসুকও আহত হন। সংঘর্ষে আহতদের মধ্যে মাতাব উদ্দিন, মাসুক উদ্দিন ও দিলুকে সিলেট প্রেরণ করা হয়েছে। জিল্লুসহ অপর আহত দুইজনকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ফের সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
